শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

The current image has no alternative text. The file name is: PM-4742-scaled.png

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে না পারলে উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্বের সংকট কাটবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা ও অটোমেশন কর্মক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করছে। ফলে আগামী দিনের চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে দূরত্ব কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তারেক রহমান বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে কাজ শেখা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তার মতে, শিক্ষাজীবন থেকেই কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে তরুণদের সামনে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। তারা কেবল চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোগ গ্রহণ করতে পারবেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

এ সময় শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত বিরোধের নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মতপার্থক্য থাকতেই পারে। তবে এর কারণে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *