কম নম্বর পাওয়া শিক্ষকরা ঢাকার ভালো প্রতিষ্ঠানে যেতে চাইছেন: শিক্ষামন্ত্রী

The current image has no alternative text. The file name is: Milon-scaled.png

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নে নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, তুলনামূলক কম নম্বর পাওয়া অনেক শিক্ষক ঢাকার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে আগ্রহী। এতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও আপত্তি আসছে।

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের (ইরাব) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কম নম্বর পাওয়া শিক্ষকদের ঢাকার ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হওয়ার আগ্রহ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে একজন এয়ারফোর্স কমান্ডার তাকে জানিয়েছেন, এমন শিক্ষকদের তাদের প্রতিষ্ঠানে পাঠানো হলে তারা এমপিও সুবিধা গ্রহণ করবেন না। বিষয়টি বদলি কার্যক্রমের ক্ষেত্রে বিবেচনায় নিতে হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

এদিকে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনেও শিক্ষকদের বদলি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি ব্যবস্থা আগে প্রচলিত ছিল না। সরকারই প্রথম এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের কাজ করছে। শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া নিজেদের উদ্যোগেই পরিচালনা করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে শিক্ষা ব্যবস্থায় যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলোর অনেক কিছুই পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার আবারও সঠিক ধারায় ফিরতে কাজ করছে। শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য সংশ্লিষ্টদের কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠানে আশ্বস্ত করেছেন, ন্যায্য দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে নামতে হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা এবং সরকারের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতিও দেন শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *