নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না।
হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। মরদেহগুলো পানিতে ডুবিয়ে রাখার জন্য পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়।
ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে উপস্থাপন করেছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, এসব জবানবন্দিতে অপহরণের পরিকল্পনা, হত্যাকাণ্ড এবং মরদেহ গুমের বিস্তারিত বিবরণ রয়েছে। পাশাপাশি জবানবন্দির তথ্য অন্যান্য সাক্ষ্যপ্রমাণের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
জিয়াউল আহসানের ভূমিকা প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি র্যাব-১১-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের অনুমতি নিতে হতো। ব্যাটালিয়ন কমান্ডারদের একক সিদ্ধান্তে এ ধরনের গ্রেপ্তারের সুযোগ ছিল না বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরে কমান্ডিং অফিসারদের সম্মেলনে জিয়াউল আহসান তারেক সাঈদকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নামের পাশে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে তালিকায় চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ বলে তাঁর জবানবন্দির বরাত দিয়ে জানান ব্যারিস্টার অনীক আর হক।





