অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: স্পিকার

The current image has no alternative text. The file name is: Web-Image-4-3-scaled.png

অতীতের বিষয়গুলো পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

স্পিকার পাকিস্তান সফরকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

এ ক্ষেত্রে লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজনের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন এলসিসিআই সভাপতি।

চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *