গণভোটের রায় মানলে জাতীয় ঐক্য শক্তিশালী হবে: গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের ঐক্যে রাজি হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের সঙ্গে যেকোনো সংলাপে অংশ নিলেও তা এককভাবে নয়, বরং ১১-দলীয় জোটের অংশ হিসেবেই অংশ নেবে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার সংলাপের জন্য আমন্ত্রণ জানালে জামায়াত তাতে অংশ নেবে। তবে দলটি এককভাবে নয়, ১১-দলীয় জোটের পক্ষ থেকেই আলোচনায় যোগ দেবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে সরকারের প্রত্যাশিত জাতীয় ঐক্য আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের কয়েকজন আইনপ্রণেতার বক্তব্যের নিন্দা জানায় জামায়াত। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।




