যুক্তরাজ্যে এনসিপির অনুষ্ঠানে হামলা, আওয়ামী লীগের ৯ কর্মী গ্রেপ্তার

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, যুক্তরাজ্যে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নয়জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এর আগে গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে লন্ডনের রমফোর্ড এলাকার হাই রোডে মেফেয়ার ভেন্যুর সামনে দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল।
অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সামনের হাই রোডে। প্রায় ২০ মিনিট ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি। এর আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সংঘর্ষের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে সেখানে প্রায় ৫০ জনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল বলে জানতে পারে পুলিশ।
পরে পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে হাসপাতালে পাঠান। তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। কর্মকর্তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের অভিযোগ, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন।
অন্যদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোতল নিক্ষেপের কথা জানিয়েছেন। তবে প্রথমে কারা শারীরিক হামলা চালিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ১৭ নভেম্বর পুলিশের প্রাথমিক বক্তব্যে জানানো হয়েছিল, তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজও চেয়েছিল পুলিশ।




