বিনা খরচে মালয়েশিয়ায় গেলেন ১১২ কর্মী, ভাষা প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিদেশগামীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সরকারি ব্যবস্থাপনায় প্রথম দফায় মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও বাংলাদেশের জন্য দেশটির শ্রমবাজার চালু হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে তাঁরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ কারণে বিদেশে পাঠানোর আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বিদেশের কর্মক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকলে কর্মীদের কাজের পরিবেশে খাপ খাইয়ে নেওয়া এবং দায়িত্ব পালনে সুবিধা হবে। এ লক্ষ্যেই আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশের ভাষা শেখানোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশটির আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, প্রবাসে একজন বাংলাদেশি কর্মীর আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে বিদেশিরা পুরো বাংলাদেশকে মূল্যায়ন করেন। কর্মীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে বিদেশি নিয়োগকর্তাদের মধ্যে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ তৈরি হবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে উন্মুক্ত ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী বাছাই করা হয়।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাঁদের জন্য আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়ার পাশাপাশি অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং নিয়োগপ্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়।




