ডাকাতের আস্তানায় অভিযানের পর ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় কথিত ডাকাত তৌহিদের আস্তানায় অভিযান চালানোর পর ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৌদি আরবপ্রবাসী মো. রিয়াদ মামলাটি দায়ের করেন।
মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল দাশ, তামিম, আবছার, মনির ও নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে অভিযোগ তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামার ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর করা হয়। পরে সেখান থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।
রিয়াদের দাবি, নির্মাণাধীন ভবনটির মালিক তিনি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। এর মধ্যে একটি বাড়ির মালিকানা ও পরিচয় নিয়ে এলাকায় বিভ্রান্তি রয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। অন্যদিকে রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী, বোয়ালখালী, বান্দরবান, কক্সবাজার, রামু ও চকরিয়া থানায় হত্যা, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। তিনি একজন পলাতক আসামি।
ওসি আরও বলেন, গত ১০ দিনে চকরিয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি ডাকাতির ঘটনায় তৌহিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা ও কাকারা এলাকায় তাঁর একাধিক বাড়ি রয়েছে। পাশাপাশি লামার ফাইতং এলাকার বাড়িটিও তাঁর আস্তানা হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়।
রিয়াদ ভবনটির মালিক বলে দাবি করলেও জমি ও ভবনটি তৌহিদ এবং তাঁর স্ত্রী রুমা আক্তারের নামে কেনা হয়েছে বলে দাবি করেন ওসি। তাঁর ভাষ্য, ভবন ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।




