ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

The current image has no alternative text. The file name is: Milon-scaled.png

শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়ানোর সঙ্গে যুক্ত এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এ ধরনের শিক্ষকদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। তারা বাইরে কোচিং কার্যক্রমে যুক্ত হতে পারবেন না।

শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়েও সতর্ক করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্ব পালন বাদ দিয়ে সভা-সমাবেশ বা মিছিলে অংশ নেওয়া এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ানো থেকে তাদের বিরত থাকতে হবে। ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মেয়েদের উপবৃত্তি কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সুবিধা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো কোনো ভবন পায়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ভবন বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী নেই এমন প্রতিষ্ঠানে নতুন ভবন দেওয়া হবে না। একইভাবে শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আপাতত অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *