রাতারাতি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব নয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

The current image has no alternative text. The file name is: Milon-scaled.png

দেশের পুরো শিক্ষাব্যবস্থা রাতারাতি জাতীয়করণ করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বাজেটের পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত ও নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের পুরো শিক্ষাব্যবস্থা একসঙ্গে জাতীয়করণ করার মতো বাজেট সরকারের আছে কি না, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ছাড়া ঢালাওভাবে জাতীয়করণ করা হলে শিক্ষার গুণগত মান কীভাবে বজায় থাকবে, তা নিয়েও ভাবতে হবে। শিক্ষাব্যবস্থাকে সাধারণ পণ্যের মতো বিবেচনা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

কিছু অনলাইন গণমাধ্যম শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে অযথা উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, কিছু ব্যক্তি নেতা হওয়ার আকাঙ্ক্ষা থেকে এসব বিষয়ে ইন্ধন জোগাচ্ছেন।

আরও পড়ুন

ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, দেশের এক প্রান্তের শিক্ষক অন্য প্রান্তে কর্মরত থাকায় অনেকেই আবাসন সংকটসহ নানা সমস্যায় পড়েন। নিজ এলাকা থেকে দূরে থেকে মানসিক অশান্তি ও কষ্টের মধ্যে দায়িত্ব পালন করলে শ্রেণিকক্ষে পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের আন্দোলন, অনশন কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণের চাপের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান।

বেসরকারি শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভূমিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে সবকিছু একসঙ্গে ঢালাওভাবে করা হলে শিক্ষার মান নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। তাই নিয়োগ ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

নিজের আগের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশে অতিরিক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রবণতা দেখতে পেয়েছিলেন। রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকলেও প্রতিষ্ঠানটি এমপিও সুবিধা হিসেবে ১৪ লাখ টাকা পেত।

তিনি বলেন, ওই পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের জন্য সনদ বা সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অনুভব করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ২০০৫ সালে এ প্রক্রিয়া শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *