প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন আমির হামজা

প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন আমির হামজা

কুষ্টিয়া শহরে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে গেলে অভিযুক্ত নেতাদের নাম উল্লেখ করে তাঁর কাছে এ বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ঢাকারোড সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও ভুক্তভোগী শাজাহান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে তিনি তাঁর সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখার পাশাপাশি বিএনপির সংশ্লিষ্ট নেতাদের নামও প্রধানমন্ত্রীর সামনে উল্লেখ করবেন।

জামায়াত নেতা শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আমির হামজা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁর বিরুদ্ধে প্রতিদিন এক লাখ টাকা আদায়ের অভিযোগ শুনেছেন। তবে জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে উল্লেখ করে তিনি দলটির বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা মামলা বাণিজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, শুধু কুষ্টিয়া নয়, সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতির জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সমালোচনা করেন।

এ ছাড়া কুষ্টিয়া কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমির হামজা বলেন, জেলার কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের জানমাল ও সম্মান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হামলাকারীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করার কথাও জানান শাজাহান আলী।

এদিকে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানান আমির হামজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সবার। তাঁর সফর ঘিরে জেলায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। তাঁর বক্তব্য, একদিকে সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *