সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী করল জামায়াত

The current image has no alternative text. The file name is: Web-Image-6-1-scaled.png

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি জানান।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।

জিহাদ খান একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘদিন হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।

নিজের প্রার্থিতার বিষয়ে জিহাদ খান জানান, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বহু মানুষকে চিকিৎসাসেবা ও বিভিন্ন ধরনের সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। তবে নিজ এলাকার মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ তাঁর হয়নি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করাই তাঁর প্রত্যাশা। অতীতেও আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর কাছে সহযোগিতা চাইতে এসেছেন। চিকিৎসাসেবাসহ বিভিন্নভাবে তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন।

জিহাদ খান আরও জানান, গত ১৫ থেকে ১৬ বছর ধরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যক্রমের খোঁজখবর রাখার পাশাপাশি সংগঠনটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

এদিকে, একই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটের দলগুলো একসঙ্গে অংশ নেবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *