আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, অর্থপাচার বন্ধ, খেলাপি ঋণ আদায় এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে তথ্য উঠে এসেছে। একই সময়ে ব্যাংকিং খাতেও গভীর সংকট তৈরি হয়েছে। অর্থপাচার প্রতিরোধ এবং খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে দেশের মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
আর্থিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, দেশের আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন এবং মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিনিয়োগকারীরা যাতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পান, সে জন্য স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।




