৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার প্রকাশের দাবি জানিয়েছেন তারেক

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। বয়সসীমা অতিক্রমের কারণে শিক্ষক হওয়ার সুযোগ হারাতে পারেন—এমন চাকরিপ্রত্যাশীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে তিনি এ দাবি জানান।
শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পোস্টে আমজনতার দলের এই নেতা উল্লেখ করেন, ২০২৭ সালের ১ জানুয়ারি অনেক চাকরিপ্রত্যাশীর বয়স ৩৫ বছর অতিক্রম করবে। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষক হওয়ার প্রস্তুতি নেওয়া অনেকের স্বপ্ন বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ২০২৩ সাল থেকে অনেকেই এনটিআরসিএর পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। যাদের বয়সসীমা শেষ হওয়ার পথে, তাদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করার কোনো যৌক্তিক কারণ তিনি দেখেন না।
তারেক রহমান আরও বলেন, ৩১ ডিসেম্বরের আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বয়সসীমা অতিক্রম করতে যাওয়া প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। পরীক্ষা বা পরবর্তী নিয়োগ কার্যক্রম পরে সম্পন্ন হলেও আবেদনের সুযোগটি বয়স শেষ হওয়ার আগেই নিশ্চিত করা প্রয়োজন।
তিনি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

