পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আশাবাদী স্পিকার, অতীত ভুলে সামনে এগোনোর বার্তা

The current image has no alternative text. The file name is: Hafizuddin-scaled.png

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অতীতের বিষয়গুলো পেছনে রেখে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

পাকিস্তান সফররত স্পিকার গত ২৭ নভেম্বর দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে সফর নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নে কাজ করার বিষয়ে তারা একমত হয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধন আরও দৃঢ় হবে। পাকিস্তানের আতিথেয়তায় সন্তুষ্টির কথাও জানান তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর দেশটিতে সরকারি সফরে যান বাংলাদেশের স্পিকার। তার সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

সফরের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে তার সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে সৌজন্য সাক্ষাৎ করেন হাফিজ উদ্দিন আহমদ। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া নৈশভোজেও যোগ দেন তিনি।

প্রতিনিধিদলটির আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *