সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা কিংবা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে রাস পূজা উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজেন চন্দ্র বর্মন স্বপন।
মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধে জড়িত ব্যক্তিদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হলে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ নয়, বরং সব সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন। তাই সামাজিক সম্প্রীতি রক্ষায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
এ জন্য পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারীদের অপতৎপরতা প্রতিহত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সামাজিক শৃঙ্খলা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




