আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-সহায়তার অভিযোগে বিএনপির ১১ নেতা বহিষ্কার, নজরদারিতে আরও অনেকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া, সাংগঠনিকভাবে সহযোগিতা এবং বিভিন্ন মামলায় আইনি সহায়তার অভিযোগে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা অমান্য করার অভিযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ১১ জন নেতাকে বহিষ্কার বা দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশসহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজা এবং সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য আফসর হোসেন।
অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের কর্মী আজহারুল ইসলাম সোহাগকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগে কক্সবাজার জেলা যুবদলের সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের নজরুল ইসলাম ও রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এন এ বাবুল ও মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার বাবুল মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকেও বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
অর্থ ও ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে সহযোগিতার অভিযোগ
দলীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী বিভিন্ন এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরেও তাঁদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাঁদের সাংগঠনিকভাবে পুনর্বাসনের চেষ্টা এবং বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ সামনে এসেছে। কারও কারও বিরুদ্ধে অর্থের বিনিময়ে এসব সহযোগিতা করার অভিযোগও রয়েছে। আবার কিছু ক্ষেত্রে আত্মীয়তা ও ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে সহযোগিতা করা হচ্ছে বলে দলীয় পর্যায়ে অভিযোগ জমা পড়েছে।
বিশেষ করে হত্যা ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিদের থানা কিংবা আদালত থেকে ছাড়িয়ে নিতে তদবির করার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নেতাদের কর্মকাণ্ড খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও নেতার বিরুদ্ধে তদন্ত চলছে
আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, পাবনা ও লক্ষ্মীপুরের কয়েকজন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই-বাছাই চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারি আরও জোরদার হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় নয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগগুলো যাচাই করে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক এসব পদক্ষেপের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার বিষয়ে নিজেদের অবস্থান কঠোরভাবে জানান দিচ্ছে বিএনপি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।




