তিন বছরেই ভাঙল হাজার কোটি টাকার বাঁধ, আতঙ্কে সুরেশ্বরের মানুষ

পদ্মার ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধে তিন বছরের মাথায় দেখা দিয়েছে ভাঙন। বাঁধের শেষ প্রান্তের প্রায় ১৩৫ মিটার অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফেলা ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগের বড় অংশও এক মাসের মধ্যে নদীর গভীরে তলিয়ে গেছে। এতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শতবর্ষী সুরেশ্বর বাজার, মাছঘাট ও লঞ্চঘাট নতুন করে হুমকির মুখে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যেতে পারে সুরেশ্বরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। এতে কয়েক শ জেলে, মাছ ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌযোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার তীব্র ভাঙনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমি এবং স্থাপনা নদীগর্ভে বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় জাজিরার বিলাসপুরের শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৩ সালে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা। বাঁধ নির্মাণের পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা পদ্মার ভাঙন থেকে স্থায়ী সুরক্ষার আশা করেছিলেন। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছরের মাথায় গত ১ অক্টোবর বাঁধের শেষ প্রান্তে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ১৩৫ মিটার বাঁধ ধসে নদীতে চলে যায়। একই সঙ্গে মাছবাজারের অন্তত ২০টি দোকানও নদীগর্ভে বিলীন হয়। পরিস্থিতি বিবেচনায় নতুন করে ভাঙনের আশঙ্কায় ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন।
সুরেশ্বর মাছবাজারের ব্যবসায়ী মোকলেস মোল্লা বলেন, প্রায় ৭০ বছর আগে পদ্মার তীরে মাছবাজারটি গড়ে ওঠে। বছর দশেক আগে এ এলাকায় ব্যাপক ভাঙন হয়েছিল। তিন বছর আগে বাঁধ নির্মাণ শেষ হলে তাঁরা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দোকানপাট সরিয়ে নিতে হয়েছে।
ভাঙন ঠেকাতে গত ২ অক্টোবর জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ১৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ক্ষতিগ্রস্ত ১৩৫ মিটার এলাকায় ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়। এ কাজে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা।
তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। এক মাস পার হওয়ার আগেই গত শুক্র ও শনিবার ওই এলাকায় আবার ভাঙন দেখা দেয়। স্থানীয়দের দাবি, বৃষ্টিপাত ও নদীর প্রবল স্রোতে তীরের মাটি ধসে যাওয়ায় জিওব্যাগের বড় অংশ নদীর গভীরে চলে গেছে। ফলে জরুরি ভিত্তিতে বিপুল অর্থ ব্যয় করে নেওয়া ব্যবস্থাও প্রত্যাশিত সুরক্ষা দিতে পারছে না বলে তাঁদের আশঙ্কা।
সুরেশ্বর মাছঘাট এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, এক মাস আগে বাঁধে ভাঙন দেখা দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ড দ্রুত বালুভর্তি বস্তা ফেলেছিল। এতে তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে নদীর তীর ধসে বস্তাগুলো তলিয়ে যাওয়ায় আবারও পুরো এলাকা ঝুঁকিতে পড়েছে। তাঁর দোকানসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে তাঁরা এখন চরম উৎকণ্ঠায় রয়েছেন।
১২০ বছরের বাণিজ্যিক ঐতিহ্য হারানোর শঙ্কা
সুরেশ্বর ঘাটের ইতিহাস প্রায় ১২০ বছরের। বিংশ শতাব্দীর শুরুর দিকে এ ঘাটের বাণিজ্যিক গুরুত্ব বাড়তে থাকে। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদী অববাহিকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে একসময় গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে নৌপথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো সুরেশ্বর ঘাট।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার ও মাছের আড়ত। প্রায় ৭০ বছর আগে জেলেরা পদ্মার তীরে মাছ কেনাবেচা শুরু করেন। ধীরে ধীরে সেটি বড় মাছবাজারে রূপ নেয়। বর্তমানে বাজারটিতে প্রায় ৪০টি মাছের আড়ত, পাঁচটি বরফের দোকান এবং মাছ ব্যবসা ও মাছ ধরার সরঞ্জামসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিদিন ভোরে মাছ ধরার নৌকা নিয়ে জেলেরা ঘাটে আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ কেনাবেচাকে কেন্দ্র করে জমজমাট থাকে পুরো এলাকা। এই বাজারের ওপর নির্ভরশীল কয়েক শ জেলে, ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। পাশাপাশি সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন অসংখ্য যাত্রী।
স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে শুধু বাজারের স্থাপনাই নয়, দীর্ঘদিনের বাণিজ্যিক কার্যক্রম ও মানুষের জীবিকার ওপরও বড় ধরনের আঘাত আসবে।
সুরেশ্বর বাজারের ৭৫ বছর বয়সী ব্যবসায়ী বোরহানউদ্দিন বাবুর্চি প্রায় ৬০ বছর ধরে সেখানে ধান-চালের ব্যবসা করছেন। দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, গত ৫০ বছরে বিভিন্ন সময়ে সুরেশ্বর বাজার চার দফা ভাঙনের শিকার হয়েছে। আগে এলাকায় বাঁধ নির্মাণের উদ্যোগ না থাকলেও পরবর্তী সময়ে তীররক্ষা বাঁধ নির্মাণ হওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু সেই বাঁধেই আবার ভাঙন শুরু হওয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন। জীবনের শেষ সময়ে এসে আবারও নদীভাঙনের কারণে ব্যবসা ও বসতি হারানোর আশঙ্কা করছেন তিনি।
নদীর তলদেশে অস্বাভাবিক গভীরতা, বলছেন প্রকৌশলীরা
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের ভাষ্য, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই সুরেশ্বর এলাকায় পদ্মার বিভিন্ন অংশে নদীর গভীরতা বাড়তে থাকে। গত অক্টোবরে চার দফা সমীক্ষা চালিয়ে বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত গভীরতা পাওয়া গেছে। অথচ ওই এলাকায় স্বাভাবিক গভীরতা থাকার কথা ৩ থেকে ৭ মিটার।
প্রকৌশলীদের ধারণা, নদীর তলদেশে অস্বাভাবিক গভীরতা তৈরি হওয়ায় তীরের মাটি দুর্বল হয়ে ধসে পড়ছে। এর ফলে বাঁধের প্রান্তবর্তী এলাকায় ভাঙন তীব্র হচ্ছে এবং জরুরি ভিত্তিতে ফেলা জিওব্যাগও গভীর পানিতে চলে যাচ্ছে।
স্থায়ী বাঁধ নির্মাণের নকশা অনুমোদন, বরাদ্দের অপেক্ষা
পরিস্থিতি মোকাবিলায় ভাঙনকবলিত ১৬০ মিটার এলাকায় স্থায়ী তীররক্ষা ব্যবস্থা নির্মাণের জন্য নতুন নকশা প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নকশাটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। তবে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ বা ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য এখনো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, নড়িয়ার তীররক্ষা বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেওয়ার পর জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়েছিল। সাম্প্রতিক দুই-তিন দিনের বৃষ্টিতে সেগুলোর কিছু অংশ নদীর তলদেশে চলে গেছে। তবে সেগুলো ভেসে যায়নি; নদীর তলদেশে সৃষ্টি হওয়া গভীর স্থানে জমা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নকশা অনুমোদন হয়েছে। এখন সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।
তবে অর্থ বরাদ্দ ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের অপেক্ষায় থাকা স্থানীয় মানুষের উদ্বেগ কাটছে না। তাঁদের মতে, পদ্মার ভাঙন যেভাবে এগোচ্ছে, তাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সুরেশ্বরের ঐতিহ্যবাহী বাজার, মাছঘাট ও লঞ্চঘাট রক্ষা করা কঠিন হয়ে পড়বে।




