সরকারের বিতর্কিত সিদ্ধান্তে ‘স্পিড ব্রেকার’ হয়ে চলতে হয়: শফিকুর রহমান

The current image has no alternative text. The file name is: Shofiqur-Rahman-47484-scaled.png

সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরিস্থিতি বিবেচনায় নিয়ে গতি নিয়ন্ত্রণ করে এগোনোর কথা বোঝাতে তিনি ‘স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল ও মাইলেজ’ দেখার উদাহরণ দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে মনোনীত ব্যক্তিদের দায়িত্ব পালন এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন সিদ্ধান্তে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে এখন পর্যন্ত জোরালো অবস্থান দেখা যায়নি বলেও প্রশ্ন তোলেন।

এ ছাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচনের পরিবর্তে মনোনয়নের মাধ্যমে দায়িত্ব দেওয়ার বিষয়েও জামায়াতের অবস্থান জানতে চান তিনি। তাঁর প্রশ্ন, নির্বাচিত সংসদ সদস্যদের সাংবিধানিক ও প্রশাসনিক অবস্থানের বাইরে গিয়ে মনোনীত জনপ্রতিনিধিরা কীভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন?

নির্বাচন নিয়ে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আম্মার প্রশ্ন করেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক ও পরবর্তী সময়ে বিভিন্ন পরিবর্তনের বিষয়ে দলটি কেন স্পষ্ট অবস্থান জানায়নি। কতগুলো উপনির্বাচন পর্যন্ত জামায়াত মেনে নেবে, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, একাধিক প্রশ্নের মধ্যে কোনটির উত্তর দেবেন, তা জানতে চান তিনি। পরে দলীয়করণের বিষয়ে বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা করেন।

জামায়াত আমির বলেন, নিয়োগ ও প্রশাসনে দলীয়করণের বিষয়ে তাদের উদ্বেগের কথা সরকারের কাছে তুলে ধরা হয়েছে। বিষয়গুলোকে তারা নিন্দা ও ঘৃণা করেন। সংসদের ভেতরে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলের সাত দফা দাবির মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিরোধী দলের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বয়স কম থাকলে মোটরসাইকেলের গতি বেশি থাকে, তবে এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গতি নিয়ন্ত্রণ করে এবং দূরত্ব ও জ্বালানি ব্যবহারের হিসাব বিবেচনায় নিয়ে চলতে হয়। জামায়াতও দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এমন কৌশলে এগোচ্ছে, যাতে দেশ কোনো সংকট বা দুর্ঘটনার মুখে না পড়ে এবং নির্ধারিত সময়ে লক্ষ্যে পৌঁছানো যায়।

তিনি আরও বলেন, এসব বিষয় সমন্বয় করেই দল তাদের নীতি নির্ধারণ করছে। সরকার দায়িত্ব নেওয়ার আগে সমাজকে মেধাভিত্তিক করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারকে মেধাভিত্তিক ব্যবস্থার দিকে যেতে বাধ্য করার কথাও জানান জামায়াত আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *