সয়াবিন তেলের দাম বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের চাপে বর্তমান মূল্য বহাল: বাণিজ্যমন্ত্রী

The current image has no alternative text. The file name is: Muktadir03464-scaled.png

প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করলে দেশে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আমদানিকারকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বর্তমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ ক্ষেত্রে আমদানিকারকদের অনেকটা চাপ প্রয়োগ করেই রাজি করানো হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সয়াবিন ও পাম তেলের মূল্য নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের উৎস পর্যায়ে দাম বাড়লে বাংলাদেশের বাজারেও তার প্রভাব পড়ে। প্রচলিত ফর্মুলা অনুযায়ী হিসাব করলে তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে আপাতত বিদ্যমান দাম বহাল রাখা হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সিএফআর মূল্য, বন্দরের ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ এবং অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়। এ প্রক্রিয়ায় কোনো গোপনীয়তা নেই। আগ্রহী সাংবাদিকেরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব যাচাই করতে পারবেন।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজানকে সামনে রেখেও অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। এ মুহূর্তে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একদিকে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম স্থিতিশীল রাখতে হবে।

এদিকে গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *