২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল

The current image has no alternative text. The file name is: Web-Image-12-scaled.png

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এ উদ্যোগ শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হচ্ছে।

তিনি জানান, ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবারের আওতায় আসবে।

শিশুদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সঙ্গে খাবারের মান ও পুষ্টিগুণ বজায় রাখতে মায়েদের সম্পৃক্ত করে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন।

বিদ্যালয়ের খাবার আরও সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন ডা. জুবাইদা রহমান। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে পাওয়া শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাদ্য উপকরণ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, রান্না শুধু একটি শিল্প নয়; এর সঙ্গে বিজ্ঞান, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও সম্পর্ক রয়েছে। খাবারের মাধ্যমে মানুষের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। শিশুদের অপুষ্টি দূর করতে নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের অপুষ্টি ও খর্বতা কমানো, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং খাদ্যের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, উন্নত জাতের ধান ও আলুর চাষ এবং কীটনাশকের ব্যবহার কমাতে রোগ ও পোকা প্রতিরোধী ফসলের সম্প্রসারণের কথা বলেন।

ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশে ৩০ হাজারের বেশি কৃষক পোকা প্রতিরোধী বেগুন চাষ করছেন। কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক সেচব্যবস্থা, কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খনন এবং পতিত জমি চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈচিত্র্যময় ও নিরাপদ খাবার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে হবে।

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সবাইকে শূন্য ক্ষুধার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *