শেখ হাসিনার উসকানিতে বিপদে পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী

The current image has no alternative text. The file name is: Rezvi-00987-scaled.png

আন্দোলনের নামে শেখ হাসিনা আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে ফ্যাসিবাদী শক্তি এসব উদ্যোগ মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *