ডিসেম্বর ঘিরে সহিংসতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ডিসেম্বর ঘিরে সহিংসতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। কোথাও কোথাও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি পুলিশের টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষায়িত ইউনিটের কার্যক্রম জোরদার করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির তিন সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া আজ শনিবার ও আগামীকাল রোববার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বা এর অঙ্গসংগঠনের কেউ সহিংসতা কিংবা নাশকতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে যারা সরাসরি নাশকতায় জড়িত, তাদের পাশাপাশি অর্থায়ন, পরিকল্পনা ও উসকানিতে জড়িত ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে নতুন করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সম্ভাব্য নাশকতা সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি, টহল বৃদ্ধি এবং প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

তিনি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর, জানমালের ক্ষতি কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের পাশাপাশি নড়াইল, মাগুরা, বাগেরহাট ও খুলনা জেলা এবং মহানগর এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ সড়কপথে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

এ ছাড়া সীমান্তবর্তী অন্তত ৩২টি জেলায় নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানোর পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম অবৈধভাবে দেশে প্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে কোনো নাশকতায় জড়াতে পারে—এমন আশঙ্কা থেকেও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অন্তত দুটি সীমান্তবর্তী জেলায় নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ব্যবহার করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের সম্ভাবনা ঠেকাতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। এসব কনটেন্টের মাধ্যমে দেশের ভেতরে থাকা সমর্থকদের উত্তেজিত করে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে তাদের ধারণা। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সাইবার ইউনিটের নজরদারি বাড়ানো হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারত্ব, দৃঢ় মনোবল ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। জনসমাগমস্থল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাদের ভাষ্য, নাশকতার পরিকল্পনা, অর্থায়ন কিংবা সহযোগিতার সঙ্গে জড়িত কেউ আইনের আওতার বাইরে থাকবে না। সম্প্রতি নাশকতাসংক্রান্ত অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *