জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে শিক্ষার মানের বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে শিক্ষার গুণগত মানের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, কোনো কলেজে শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই, আবার অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক নয়। এ ধরনের সমস্যা সমাধান করে প্রতিটি কলেজে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন।
মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান এক রকম নয়। কিছু প্রতিষ্ঠান বড় ও সুনামধন্য হলেও অনেক কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহ দেখান না। কোথাও শিক্ষার্থীর সংখ্যা থাকলেও শিক্ষক সংকট রয়েছে। এই বৈষম্য দূর করতে হলে সব প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
এ ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কেন্দ্রীয় পর্যায় থেকে নীতিমালা প্রণয়ন করা হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্ব ও তদারকির ওপর।
শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি প্রতিষ্ঠানে সমমানের শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রতিটি কলেজে পর্যাপ্ত ল্যাবরেটরি ও লাইব্রেরি সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও অধ্যক্ষদের কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে সেগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপি সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয় একটি বিশেষ তাৎপর্য বহন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে ঐক্য, ন্যায়সংগত সুযোগ এবং শিক্ষার প্রসার গুরুত্ব পাবে। উন্নত যোগাযোগ ও প্রযুক্তিগত সুবিধা না থাকলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা ছিল সেই ভাবনার অংশ।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো উচ্চশিক্ষার সুযোগ তৈরি করেছে। যোগাযোগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আওতায় আনার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাবিষয়ক পরিকল্পনার প্রসঙ্গ তুলে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
মাহদী আমিন জানান, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ ও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ভাষা ও দক্ষতা অর্জন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি তাঁদের সৃজনশীলতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। এ জন্য শিক্ষা খাতের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সংস্কার ও কার্যক্রমের পরিবর্তন দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রধানমন্ত্রী মনে করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে বৈষম্য থাকবে না এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণেও রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই সেই সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব।




