মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ

The current image has no alternative text. The file name is: metro

মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় ভবন মালিক ও সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় মেট্রোরেলের আশপাশের ভবন মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।

এসব দায়িত্বের মধ্যে রয়েছে নাশকতা প্রতিরোধে সতর্ক থাকা, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশ ঠেকানো। একই সঙ্গে আশপাশে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মেট্রোরেলের কাছাকাছি অবস্থিত ভবন ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই মূলত অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়েছে। এটি বড় কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সংশ্লিষ্টদের সচেতন করার অংশ হিসেবে নেওয়া উদ্যোগ।

তিনি বলেন, মেট্রোরেল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার অন্তর্ভুক্ত হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আশপাশের এলাকায় কেউ নাশকতার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো ব্যক্তির উপস্থিতি দেখা গেলে যেন সংশ্লিষ্টরা দ্রুত সতর্ক হতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা।

ওসি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুলিশ এ কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে। পাশাপাশি সার্বিক জননিরাপত্তাও বজায় রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *