ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে আমরণ অনশন

The current image has no alternative text. The file name is: bhola-hospital

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন চার যুবক।

টানা ২৮ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।

অনশনে নেতৃত্ব দিচ্ছেন ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান (২৫)। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় নার্স নিয়োগ এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবার ব্যবস্থা করা।

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর একই পরিস্থিতিতে অন্য কোনো পরিবারকে যেন পড়তে না হয়, সে লক্ষ্যেই হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন প্ল্যাকার্ড হাতে অবস্থানের পাশাপাশি হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ভোলা সদর হাসপাতালের জন্য ছয় শয্যার আইসিইউ ইউনিটের সরঞ্জাম সরবরাহ করা হয়। এর মধ্যে আইসিইউ বেড, ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে পাঁচ বছরের বেশি সময়েও ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। ফলে মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান জানান, আইসিইউ সেবা চালু না থাকায় ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠাতে হয়। আইসিইউ চালুর জন্য দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় সহায়ক জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত জনবল না থাকায় এ সেবা চালু করা যাচ্ছে না।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুবকেরা। তাঁদের দাবি, শুধু যন্ত্রপাতি সরবরাহ করলেই হবে না, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সাধারণ মানুষের জন্য আইসিইউ ও সিসিইউ সেবা কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *