শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক নাটক: হাসনাত আবদুল্লাহ

The current image has no alternative text. The file name is: Hasnat-0.2-scaled.png

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনাকে ‘নাটক’ ও ‘মিডিয়া স্টান্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। জনগণই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে এনসিপির ঢাকা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কোনো অতিথি নন যে তার জন্য আলাদা করে বিমান পাঠাতে হবে। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক নাটক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সত্যিই ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এমনকি ফুল দিয়েও অভ্যর্থনা জানাতে প্রস্তুত তারা। তবে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগপন্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বিমান, গাড়ি কিংবা সীমান্ত প্রস্তুতি নিয়ে আলোচনাকে তিনি সাজানো প্রচারণার অংশ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার উসকানিতে বিপদে পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী

‘আওয়ামী লীগ এখন মেসেঞ্জার পার্টি’

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, দলটি এখন এক ধরনের গোপন কনটেন্ট তৈরির কার্যক্রমে পরিণত হয়েছে। তার অভিযোগ, বিভিন্ন নাশকতার ভিডিও ধারণ করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ কারণে তিনি আওয়ামী লীগকে ‘মেসেঞ্জার পার্টি’ বলে আখ্যা দেন।

ভারতের বিরুদ্ধে আন্তসীমান্ত সন্ত্রাসে মদদের অভিযোগ

বাংলাদেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের সরাসরি মদদ রয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তার দাবি, কিছু ব্যক্তি ভারতের ভূখণ্ডে অবস্থান করে প্রশিক্ষণ নিচ্ছেন এবং পরে বাংলাদেশে এসে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আবার সীমান্ত পেরিয়ে ফিরে যাচ্ছেন।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দলটির ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখন দেশের সামনে বড় চ্যালেঞ্জ হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা।

এদিকে, মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

Latest

গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন না করাই জাতীয় ঐক্যের পথে বড় বাধা: গোলাম পরওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *