সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করতে দরপত্র আহ্বান করা হবে। বিনিয়োগের মাধ্যমে বন্ধ কারখানাগুলো সচল হলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ কারখানার কার্যকর আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।
নতুন শিল্প স্থাপনে অর্থায়নের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়েও সরকার উদ্যোগ নেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
কৃষি উৎপাদন বাড়ানোর সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কৃষিতে বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এই সক্ষমতা কাজে লাগানো গেলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে আবদুল মুক্তাদির বলেন, একসময় এ পণ্যের চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে বর্তমানে দেশে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে।
কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।







