শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ছবিসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি রাখার পরামর্শ নূরুল হক নুরের

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতীয় স্মৃতিসৌধের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে শিক্ষকদের নিজস্ব উদ্যোগে অল্প খরচে শ্রেণিকক্ষকে দৃষ্টিনন্দন করে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম বড়গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও আকর্ষণীয় করতে সব সময় সরকারি বরাদ্দের প্রয়োজন হয় না। শিক্ষকরা নিজেদের উদ্যোগে দুই থেকে পাঁচ হাজার টাকা ব্যয় করেই শ্রেণিকক্ষ সাজাতে পারেন। জাতীয় কবি, প্রধানমন্ত্রী, জাতীয় স্মৃতিসৌধ ও কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি শ্রেণিকক্ষে রাখলে পরিবেশ আরও দৃষ্টিনন্দন হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকরা নিজেরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনের সময় এলাকার বিত্তবান ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে পারেন। তাদের সহযোগিতায়ও প্রয়োজনীয় উন্নয়নকাজ করা সম্ভব।
বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে নূরুল হক নুর বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরু-ছাগল বাঁধা বা চরানো উচিত নয়। এতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নষ্ট হয়। মাঠে গোবর ও ময়লা-আবর্জনা থাকলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গলাচিপা ও দশমিনা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে সুন্দর প্রবেশপথ, সীমানাপ্রাচীর, শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কম উল্লেখ করে তিনি শিক্ষকদের পাঠদানের মান উন্নয়ন এবং নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়টির তিনটি শ্রেণিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১২২ জন। নতুন অ্যাকাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং পড়াশোনায় আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পরপরই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই, কোথায় শ্রেণিকক্ষের সংকট রয়েছে এবং কোন দুর্গম এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন—এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অগ্রাধিকার বিবেচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এলাকার প্রয়োজনীয় উন্নয়নসংক্রান্ত তথ্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানানোর আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন নূরুল হক নুর। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে যাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা সম্ভব, তাদের মধ্য থেকে একজন প্রার্থীকে সমর্থনের বিষয়ে আলোচনা হতে পারে। উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।




