সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই সংসদ সদস্য

The current image has no alternative text. The file name is: Web-Image-4-2-scaled.png

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিসংযোগের চেষ্টার বিষয়ে খোঁজখবর নেন। দুই সংসদ সদস্যই এ ঘটনার নিন্দা জানান।

পরিদর্শনকালে শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। তাঁদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *