মঙ্গলবার রাত থেকে চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস পাবে কলকারখানা: প্রধানমন্ত্রী

শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে দেশের শীর্ষ ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এসব তথ্য জানান।
বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতারা তাদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার
বৈঠকে সরকার জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউর পাশাপাশি স্থলভিত্তিক ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শুধু ভাসমান টার্মিনালের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ল্যান্ডবেজ টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে জানানো হয়।
এ ছাড়া শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথাও জানানো হয়।
তবে বৈঠকে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়—এ বাস্তবতাও উঠে আসে। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের মাধ্যমে শিল্প খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
