শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার যে কোনো মূল্যে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, শিক্ষাব্যবস্থায় বাস্তব পরিবর্তন আনার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
তিনি বলেন, সরকারের বাজেটে কোনো ঘাটতি নেই। শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিগগিরই শিক্ষার কারিকুলামে পরিবর্তন আনা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
