আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত: আমিনুল হক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে, তবে এ ক্ষেত্রে তাকে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যারা আলোচনা করছেন, তাদের মনে রাখতে হবে—দেশে ফিরলে তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। বিচার মোকাবিলার সাহস থাকলে তাঁর দেশে আসায় আপত্তি নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে পুলিশ প্রশাসন, সংসদ সদস্য, মন্ত্রিসভা, সরকার এবং সাধারণ মানুষ একমত। তাঁর দাবি, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা তৎপরতা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি হোক—এটাই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা। তাকে বিচারের মুখোমুখি হয়ে অভিযোগগুলোর জবাব দিতে হবে।
এর আগে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পবা উপজেলার বিরস্তইল গ্রামে স্থাপিত দুটি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে এ ধরনের প্রকল্পের ভূমিকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরে প্রকল্পের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন তিনি।





