শেখ হাসিনাকে বিমান পাঠানোর প্রশ্নই ওঠে না, ফিরলেই কারাগারে: শামা ওবায়েদ

The current image has no alternative text. The file name is: Sama-Obayed-scaled.png

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সরকার একই আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের ব্যতিক্রম করা হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী, অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করে দেশে ফিরলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিমান পাঠানোর কোনো এখতিয়ার রয়টার্সের নেই। কে কোথা থেকে কী বলছেন, সেসব নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার উসকানিতে বিপদে পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে সরকারের অবস্থান আগেও স্পষ্ট ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও একই থাকবে।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কোনো ধরনের পরিবহন পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে কারও আলোচনা হয়নি বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার কোনো পক্ষের সঙ্গে আলোচনা করেনি।

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য তাঁদের কাছে নেই। দেশ ছাড়ার পর থেকে তার অবস্থান কিংবা প্রকাশ্যে উপস্থিতি নিয়েও নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামিদের পাশাপাশি হাদি হত্যাকাণ্ডে জড়িত যেসব ব্যক্তি ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বা ‘পলিটিক্যাল স্টান্ট’ বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন। তবে বাংলাদেশে প্রবেশের পর তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। এ ধরনের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, শেখ হাসিনা নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়েছেন। এখন আবার তার বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলার চেষ্টা করছেন।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি কিংবা এ ধরনের সুবিধা দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে বলে সরকার মনে করে। এ বিষয়ে কোনো নিয়মের ব্যতিক্রম করা হবে না বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবে তার প্রত্যাবর্তনের পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে। এ সময় তিনি হাতকড়া পরিয়ে ফেরানোর কথাও উল্লেখ করেন।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে প্রকাশিত খবরের পর সরকারের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে শেখ হাসিনার মুখপাত্র দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন, অন্যদিকে সরকার স্পষ্ট করেছে, তিনি ফিরলে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *