স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

The current image has no alternative text. The file name is: PM-007755.jpg

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে তাঁর স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও দেখবেন তিনি।

এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সম্মিলিত অংশগ্রহণে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক দশকের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর একাধিক সমর অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণেও যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এবারের মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর একযোগে অংশগ্রহণের কারণে আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে।

নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *